1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

‘প্রেস্তিয়ান্নি আইন’ প্রয়োগে বিশ্বকাপে প্রথম লাল কার্ড, ইতিহাসে আলমিরন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬

স্পোর্টস: ২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন এক নিয়মের প্রথম প্রয়োগেই ইতিহাসের অংশ হয়ে গেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে তাকে। ফুটবলের নতুন এই বিধান ইতোমধ্যে ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিতি পেয়েছে।
বিশ্বকাপের আগে মাঠে বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য আড়াল করার প্রবণতা ঠেকাতে নতুন নিয়ম চালু করে ফিফা। সেই নিয়ম অনুযায়ী, উত্তপ্ত পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তার সঙ্গে কথা বললে সেটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচেই প্রথমবারের মতো সেই আইন কার্যকর হতে দেখা গেল।
বাংলাদেশ সময় গতকাল শনিবার সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ঘটনাটি ঘটে। মাঝমাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে তুরস্কের মের্ত মুলদুরকে কিছু বলতে গিয়ে হাত দিয়ে নিজের মুখ আড়াল করেন আলমিরন। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারির নজরে আনেন মুলদুর।
এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভিএআর প্রযুক্তির সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। রিভিউ শেষে তিনি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে প্রথমার্ধের শেষ ভাগ থেকেই ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে।
ফিফার এই নতুন নিয়মের পেছনে রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি বিতর্কিত ঘটনা। বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় জার্সি দিয়ে মুখ ঢেকে রাখেন। পরে তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে তদন্ত শেষে প্রেস্তিয়ান্নিকে দীর্ঘ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ওই ঘটনার পরই মাঠে মুখ ঢেকে কথা বলার বিষয়ে কঠোর অবস্থান নেয় ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থাগুলো। ফুটবল অঙ্গনে নতুন বিধানটি এখন অনেকের কাছেই ‘প্রেস্তিয়ান্নি আইন’ নামে পরিচিত।
বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম শাস্তি পাওয়ার ঘটনা ঘিরেও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, খেলোয়াড়দের আচরণ আরও স্বচ্ছ করতে এই বিধান কার্যকর ভূমিকা রাখতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, মাঠের উত্তেজনাপূর্ণ মুহূর্তে এমন সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিতেও পারে।
তবে নিয়মের প্রয়োগ নিয়ে সাবেক আয়ারল্যান্ড স্ট্রাইকার ক্লিনটন মরিসনের মন্তব্য ছিল স্পষ্ট। তার ভাষায়, “নিয়ম যদি জানা থাকে, তাহলে খেলোয়াড়দের সেটি মেনে চলতেই হবে। সবাই সিদ্ধান্তের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আইন সবার জন্য সমান।”
আলমিরনের লাল কার্ডে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হলেও প্যারাগুয়ে শেষ পর্যন্ত ১,০ ব্যবধানে তুরস্ককে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। তবে ম্যাচের ফলের পাশাপাশি বিশ্বকাপে নতুন নিয়মের প্রথম প্রয়োগ হিসেবেই বেশি আলোচনায় থাকছে এই ঘটনা।
উৎস: বিবিসি

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd