1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

তিন বছরের অভিমান ভেঙে আবার একসঙ্গে জোভান-ফারিণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দূরত্ব। এরপর তিন বছরের বেশি সময় একই নাটকে দেখা যায়নি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণকে। অবশেষে পুরোনো অভিমান পেছনে ফেলে আবারও একসঙ্গে অভিনয় করছেন এই দুই তারকা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’ দিয়ে ফিরছে জনপ্রিয় এই জুটি।
জোভান-ফারিণের মনোমালিন্যের সূত্রপাত ২০২৩ সালে ‘জানেমান তুই আমার’ নাটককে ঘিরে। নাটকটি মুক্তি পেলেও প্রচারে ফারিণের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। কারও নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেক অভিনয়শিল্পী টেলিভিশন নাটককে অবজ্ঞার চোখে দেখেন।
ওই পোস্টে জোভানের আক্ষেপ ছিল, নাটক মুক্তি পেলেও সংশ্লিষ্ট অভিনেত্রীর প্রচারের কোনো উদ্যোগ দেখা যায়নি। অথচ ওটিটির কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তাঁর মন্তব্যে অনেকেই ফারিণের দিকেই ইঙ্গিত করেছিলেন।
জোভানের এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করেছিলেন ফারিণ। তিনি জানিয়েছিলেন, নাটক দিয়েই তাঁর অভিনয়জীবন শুরু। তাই নাটককে ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে প্রকাশ্যে বড় কোনো বাদানুবাদ না হলেও এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের।
এবার সেই দূরত্ব কাটিয়ে নতুন কাজ শুরু করেছেন দুই অভিনয়শিল্পী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানান নির্মাতা।
‘প্রাণ সখিয়া’ দিয়ে দীর্ঘ বিরতির পর টেলিভিশন নাটকেও ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় কাজ শুরু করার পর ছোট পর্দায় তাঁর উপস্থিতি কমে গিয়েছিল। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য পায়নি।
এদিকে চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন নাটকে জোভান-ফারিণের একসঙ্গে ফেরার খবরে তাঁদের পুরোনো রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর এই জুটির পর্দায় প্রত্যাবর্তন কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd