রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানে অবিস্ফোরিত ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, পেট্রোল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ১৯, ওয়ারীতে ৩৭, মতিঝিলে ২৬, তেজগাঁওয়ে ৪৮, মিরপুরে ৭৩, গুলশানে ১৮ ও উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কে.জি. ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।