1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ঘাটতিতে দেশে অনিচ্ছাকৃত গর্ভধারণ বাড়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বর্তমানে দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র ঘাটতি বিরাজ করছে। ফলে দেশে অনিচ্ছাকৃত গর্ভধারণ বাড়ার শঙ্কা রয়েছে। একই সাথে ব্যাহত হতে পারে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবা। দেশজুড়ে ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ প্রায় দু’বছর ধরে বন্ধ। ফলে ব্যাহত হচ্ছে দেশের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা। মজুত ফুরিয়ে যাওয়ায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অনেক স্বাস্থ্য কেন্দ্রই সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী দিতে পারছে না। তবে বিনামূল্যের জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর নির্ভরশীল দরিদ্র ও প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বর্তমানে দেশজুড়েই জন্মনিয়ন্ত্রণ বড়ি, কনডম ও ইনজেকশনের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ওষুধেও সঙ্কট চলছে। মূলত ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতায় সরবরাহে এ ঘাটতি তৈরি হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা বিস্তৃত। অধিদপ্তরের মাঠকর্মীরা স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে জন্মনিয়ন্ত্রণ সেবা পৌঁছে দেয়। সেজন্য সংস্থাটি জন্মনিয়ন্ত্রণসামগ্রী ছাড়াও মা ও শিশুর প্রাথমিক চিকিৎসায় ২২ ধরনের ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিনামূল্যে সরবরাহ করে। তার মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, গুঁড়া ও তরল ওষুধ, মলম, খাওয়ার স্যালাইন ও জিঙ্ক। তাছাড়া গর্ভবতী ও প্রসব-পরবর্তী মায়েদের আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেটও দেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রসব-পূর্ব পরামর্শ, স্বাভাবিক প্রসব ও প্রসব-পরবর্তী সেবা দেওয়া হয়। তাছাড়া প্রসবের পর মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা এবং জটিলতা দেখা দিলে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও রয়েছে। কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মজুত ফুরিয়ে যাওয়ায় বর্তমানে ওসব সেবা ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার জন্মনিয়ন্ত্রণ বড়ি, কনডম, ইঞ্জেকশন, ইমপ্লান্ট, আইইউডিসহ বিভিন্ন জন্মনিয়ন্ত্রণসামগ্রী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে বিনামূল্যে সরবরাহ করে। তাছাড়া দম্পতিদের সন্তান নেয়ার উপযুক্ত সময়, দুই সন্তানের মধ্যে ব্যবধান ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচন সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। মাঠপর্যায়ে পরিবারকল্যাণ সহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ওসব সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। কিন্তু প্রায় দুই বছর ধরে সরবরাহ সংকট চলায় নিয়মিত জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ ব্যাহত হচ্ছে। মূলত বিগত ২০২৪ সালের জুনে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি (এইচপিএনএসপি) শেষ হওয়ার পর পরিবার পরিকল্পনাসামগ্রীর সরবরাহ সংকট প্রকট হয়। কারণ ওই কর্মসূচির আওতায় জন্মনিয়ন্ত্রণসামগ্রীসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ কেনা হত। পরে বিকল্প ব্যবস্থায় কেনাকাটা শুরুতে বিলম্ব হওয়ায় সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। বিগত ২০১৯ সালের জানুয়ারিতে ৯৯ লাখ ২৪ হাজার কনডম, ৭২ লাখ ৩৫ হাজার খাওয়ার বড়ি, ৯ লাখ ৫০ হাজার ইনজেকটেবল, ১৪ হাজার আইইউডি ও ৩৫ হাজার ইমপ্লান্ট বিতরণ করা হয়। কিন্তু পরবর্তী পাঁচ বছরে ওসব সামগ্রীর সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যায়। ২০২৪ সালের জুনে কনডম সরবরাহ কমে দাঁড়ায় ৬৫ লাখ ৭৭ হাজারে, খাওয়ার বড়ি ৩৩ লাখ ২৬ হাজার ও ইনজেকটেবল ২২ হাজার ৭১৮টিতে। একই সময়ে আইইউডি ও ইমপ্লান্টের সরবরাহ কমে হয় যথাক্রমে ৭ হাজার ৫৯৩ ও ২৩ হাজার ৩২৩টি। তবে সংকট মোকাবেলায় ২০২৫ সালের মার্চে অন্তর্র্বতীকালীন সরকার প্রস্তাবিত পঞ্চম এইচপিএনএসপি বাতিল করে জন্মনিয়ন্ত্রণসামগ্রী সংগ্রহে পৃথক প্রকল্প নেয়ার সিদ্ধান্ত নেয়। ওই বছরের নভেম্বরে প্রকল্পটি অনুমোদন পেলেও চলতি বছরের এপ্রিলে অর্থ ছাড় হয়। আর ওই দীর্ঘসূত্রতার জন্য বর্তমানে অধিকাংশ জন্মনিয়ন্ত্রণসামগ্রীর সরবরাহ আরও কমে গেছে। চলতি ২০২৬ সালের জানুয়ারিতে ৭ লাখ ৫৪ হাজার কনডম, ২১ লাখ ৯৬ হাজার খাওয়ার বড়ি, ৪ লাখ ৮২ হাজার ইনজেকটেবল, ৩ হাজার ২৮৬টি আইইউডি ও ২ হাজার ৩২৫টি ইমপ্লান্ট সরবরাহ করা হয়। কিন্তু তাতে চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি থেকে যায়।
সূত্র আরও জানায়, জনসংখ্যা নিয়ন্ত্রণে নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি বা ইঞ্জেকশন ব্যবহারকারী নারীরা সময়মতো এসব সামগ্রী না পেলে বিকল্প পদ্ধতি নিতে বাধ্য হতে পারে। এমনকি কারও ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বন্ধও হয়ে যেতে পারে। তাতে অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকি বাড়তে পারে এবং দুই সস্‌দানের মধ্যে কাঙ্ক্ষিত ব্যবধান বজায় রাখা কঠিন হতে পারে। যা মা ও নবজাতকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। এদেশে মূলত যুক্তরাষ্ট্রের সহায়তায় ওসব কার্যক্রম পরিচালিত হত। তারা অর্থায়ন বন্ধ করার পর থেকেই সংকটের শুরু। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারকে নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। অন্যথায় দেশে জনসংখ্যা বৃদ্ধির ঝুঁকি আরও বাড়বে।
এদিকে এ প্রসঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) শাহ মো. নূর জানান, দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ক্রয় কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করা যায় ডিসেম্বর নাগাদ সরবরাহ শুরু হবে। তাছাড়া প্রাথমিক চিকিৎসার ওষুধ সরবরাহের বিষয়েও কাজ চলছে। আশা করা যায় দ্রুতই সংকট সমাধান হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd