1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন , সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ৭ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার এই আদেশ দেন। মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

গত ২০ অক্টোবর ওই মাদরাসার প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন যৌন হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে তিনি ভয়ভীতিও দেখান। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে পুরো বিষয়টি খুলে বলে।

পরদিন সকালে ভুক্তভোগী শিশুর বাবা জালাল উদ্দিন রুমী মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে ঘটনার জবাবদিহি চান। এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা মাদরাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেন। এ সময় শিশুটির বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষককে চড় মারেন। চড় দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সেদিনই টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় অভিযুক্ত মোসলেহ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়।

গত ২২ অক্টোবর মোসলেহ উদ্দিনকে গাজীপুর আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে শিশু নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এদিকে, শিক্ষকের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd