1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বন্দী মিয়ানমার নেত্রী অং সান সু চিকে দুটি বই পাঠিয়েছেন রাজা তৃতীয় চার্লস, জানিয়েছে দেশটির সামরিক সরকার। সোমবার কর্মকর্তারা সু চির হাতে বই দুটি ও একটি সিলগালা করা চিঠি পৌঁছে দেন। এর ছবিও প্রকাশ করেছে সরকার। ৮১ বছর বয়সী সু চি ২০২১ সালে সামরিক বাহিনীর হাতে তার সরকার উৎখাত হওয়ার পর থেকে আটক রয়েছেন। একাধিক অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটাতে চাইছেন। ব্যাপকভাবে নিন্দিত, অবাধ ও সুষ্ঠু নয় বলে বিবেচিত একটি নির্বাচনের পর তাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। পশ্চিমা দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত মিন অং হ্লাইং এশিয়ার মধ্যে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করছেন। সু চিকে দেওয়া বই দুটির একটি ব্রিটিশ উদ্যানবিদ ব্রিজেট এলওয়ার্দি ও হেনরিয়েটা কোর্টাউল্ডের লেখা সয়েল টু টেবিল। অন্যটি গত বছর লন্ডনে অনুষ্ঠিত এক প্রদর্শনীর ক্যাটালগ সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট। সয়েল টু টেবিলকে বর্ণনা করা হয়েছে মাটি এবং আমরা যে খাবার খাই তার সঙ্গে এর সম্পর্কের উদ্যাপন হিসেবে। মিয়ানমারে অহিংস গণতান্ত্রিক সংগ্রামের জন্য ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া সু চি কারাগারে প্রচুর পড়াশোনা করছেন বলে জানা যায়, বিশেষ করে ধর্ম ও প্রকৃতিবিষয়ক বই। সোমবারের বিবৃতির সঙ্গে প্রকাশিত ছবিতে সু চিকে হালকা সবুজ রঙের ঐতিহ্যবাহী বার্মিজ ব্লাউজ ও জলপাই রঙের স্কার্ট পরিহিত অবস্থায় সাদা শার্ট পরা দুজন পুরুষের মুখোমুখি টেবিলে বসে থাকতে দেখা যায়। বিবৃতিতে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কিছু বলা হয়নি, এ সাক্ষাতে আর কী আলোচনা হয়েছে সে তথ্যও নেই। অভ্যুত্থানের পর শুরুতে ৩৩ বছরের কারাদণ্ড পাওয়া সু চিকে জুনে গৃহবন্দি করা হয়। আগস্টে সরকার আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক প্রতিনিধির সঙ্গে তার ছবি প্রকাশ করে। ছেলে কিম অ্যারিসকে লেখা একটি চিঠির আড়াই বছর পর এটিই ছিল তার সঙ্গে বিদেশি যোগাযোগের প্রথম ঘটনা। লন্ডনভিত্তিক কিম অ্যারিস বছরের পর বছর ধরে মায়ের মুক্তির জন্য প্রচারণা চালিয়ে আসছেন। তিনি তখন খবরটিকে স্বাগত জানিয়ে বলেছিলেন, ছবি দেখে মনে হচ্ছে সু চি স্বাস্থ্যে ভালো আছে। সূত্র: বিবিসি

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd