1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজশাহীর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে প্রত্যাহারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় ইউসুফ আলীর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার রাতেই দায়িত্ব ছেড়ে রাজশাহী ত্যাগ করেন ইউসুফ আলী। তাঁর স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী একে একে তাঁদের সঙ্গে করমর্দন করছিলেন। এ সময় ইউসুফ আলী করমর্দনের পর এক ধাপ এগিয়ে গিয়ে অন্য হাত দিয়ে পেছন থেকে প্রধানমন্ত্রীকে স্পর্শ করার চেষ্টা করেন বলে ভিডিওটি দেখে অনেকে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীকে তখন কিছুটা পেছনে সরে যেতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগীয় কমিশনারের আচরণ নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী ফেসবুকে লেখেন, ‘প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার!’

তবে ইউসুফ আলীকে প্রত্যাহারের সরকারি প্রজ্ঞাপনে ভিডিওতে দেখা ঘটনার কোনো উল্লেখ নেই। ফলে তাঁর প্রত্যাহারের সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার বলেন, প্রশাসনিক কারণে ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একাধিক সূত্র জানায়, প্রত্যাহারের নির্দেশ পাওয়ার পর ইউসুফ আলী রাতে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজশাহী নগরের তালাইমারী এলাকা অতিক্রম করে ঢাকার উদ্দেশে রওনা হন। পরে তাঁর ঢাকায় পৌঁছানোর খবর পাওয়া যায়।
গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিভাগীয় কমিশনার হিসেবে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রম সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাসের মাথায় তাঁকে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশকে কেন্দ্র করে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ১৮ আগস্ট দুই ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি এজাহার করেন। এসব এজাহারে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়।

পরদিন ১৯ আগস্ট লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। একই দিনে নাটোরের তৎকালীন জেলা প্রশাসক আসমা শাহীন এবং রাজশাহীর তৎকালীন বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ওই দিনই রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে পদায়ন করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd