ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছার বাজার খোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মীয় শাস্ত্র এবং ঐতিহ্য মেনে তৈরি দুর্গা প্রতিমা এলাকায় সাড়া ফেলেছে।
শারদীয় দুর্গোৎসবে প্রথাগত মাটির দুর্গা প্রতিমা নান্দনিক রূপে সেজে উঠেছে। ঐতিহ্যবাহী সাবেকি রূপ ধরে রেখে দেবীর ডাকের সাজ আর সোনালি গয়নার আভিজাত্য এক শান্ত, স্নিগ্ধ ও স্বর্গীয় নান্দনিকতা সৃষ্টি করেছে।
কালের নিয়মে এবং আধুনিক ইন্টারনেটের কল্যাণে দেবীর রূপ, মুখের গড়ন এবং মণ্ডপের নকশায় ব্যাপক পরিবর্তন এসেছে। শিল্পীরা এখন একচালার সাবেকি মূর্তি ছাড়াও থিমভিত্তিক পূজায় দেবীকে কখনো দ্বিভূজা, কখনো চতুর্ভূজা বা বিভিন্ন লোকজ ও বিমূর্ত ঢঙ্গে উপস্থাপন করছেন, যা নতুন প্রজন্মের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দর্শনার্থীদের আকৃষ্ট করতে শিল্পীরা অনন্য সব মাধ্যম বেছে নিচ্ছেন। সেখানে ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে এখনও ঐতিহ্যবাহী সাবেকি রূপ ধরে রাখার চেস্টা করা হচ্ছে।
ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে সভাপতি অশোক কুমার ঘোষ বলেন, বর্তমান সময়ে সৃজনশীল থিম পূজার জোয়ারে প্রতিমার নান্দনিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে আমাদের মন্দিরে ধর্মীয় শাস্ত্র মেনে পৌরাণিক বর্ণনার দেবীর মুখাবয়ব ও শারীরিক গঠনে শৈল্পিক ছোঁয়া দেওয়ার চেস্টা করা হয়েছে।
ভাস্কার সাধন সরকারের হাতের নিপুণ ছোঁয়ায় মাটির প্রতিমায় যে রূপ ফুটে ওঠেছে, তা কেবল ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, বরং তা প্রাচীন ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধন।