বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ
Reporter Name
Update Time :
সোমবার, ১৫ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া দেশ ও বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষক ইয়ামিন মল্লিক, রাম প্রসাদ মন্ডল ও সৌমিত্র কুমার বসু। এছাড়াও এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য শেখ ইমরান, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, শেখ রাফি ও অমিত শীল। এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।