1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : সিরিয়া সফরে গিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এ সফরের মাধ্যমে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব দেশটি সফর করলেন। গতকাল শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি তাকে স্বাগত জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সফরের মাধ্যমে ২০০৯ সালের পর প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়ায় এলেন। তারপর থেকে দেশটিতে ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলেছে। গুতেরেস সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল-শারা একসময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার কমান্ডার ছিলেন এবং গত বছর পর্যন্ত তার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা ছিল। ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা আল-শারার জন্য এটি আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুতেরেস শুধু রাষ্ট্রপতির সঙ্গেই নয়, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি অধিকৃত গোলান মালভূমিও সফর করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনডিওএফের কার্যক্রম সরেজমিনে দেখবেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই সফর সিরিয়াকে সংঘাত থেকে পুনরুদ্ধারের পাশাপাশি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি কয়েক দিন দেশটিতে থাকবেন এবং আগামী সোমবার পার্লামেন্টে ভাষণ দিতে পারেন। আসাদের পতনের পর সমপ্রতি ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেছেন। তার সফরকালে দামেস্কের এক এলাকায় দুটি বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার কয়েক সপ্তাহ পরই গুতেরেসের এই সফর। সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলার সঙ্গে জড়িত সেলটি শনাক্ত করা হয়েছে এবং তারা আইএসআইএসের সঙ্গে যুক্ত। সূত্র: এনডিটিভি

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd