1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

হামে শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল ইসলাম এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অন্য দুই আসামি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবেদনে আরও অভিযোগ করা হয়, সময়মতো হামের টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করা হয়নি। ফলে শিশুটি প্রয়োজনীয় টিকা নিতে পারেনি এবং হামে আক্রান্ত হয়ে মারা যায়। বাদীর দাবি, টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে।

মামলার আবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। তাদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে গাফিলতির শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদালত আবেদনকারীর জবানবন্দি গ্রহণের পর বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd