1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৬৫৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশজুড়ে হামের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসতেই আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার (১৬ জুন) সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৫৭ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৬৪ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ হাজার ৬ জন। তাদের মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৩৪২ জন রোগী চিকিৎসা নিয়েছে। অন্যদিকে সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর বিভাগে, যার সংখ্যা ২৮।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে প্রাণহানি হয়েছে ৮৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, ১৫ মার্চ থেকে মঙ্গলবার (১৬ জুন) পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৮৭ হাজার ৯২৯ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ৫২৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, নিশ্চিত সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা এখনও উল্লেখযোগ্য। ফলে রোগটির বিস্তার নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd