1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম। জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠে ডনের পক্ষে কোনো আইনজীবী আছেন কি না জানতে চান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী ডনের গ্রেপ্তারের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘আসামি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সিআইডি তাকে গ্রেপ্তার করে।

এটি অত্যন্ত জনপ্রিয় ও নন্দিত চিত্রনায়ক সালমান শাহ হত্যার মামলা। এজাহারে ডন ৪ নম্বর আসামি। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।’ এর আগে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।

সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে সিআইডির কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। ডন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd