1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শুরুর আগেই বিক্রি হয়ে গেলো দ্বিতীয় টেস্ট সব টিকেট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়ার রেশ যেন এবার ছড়িয়ে পড়েছে ম্যাকাইতেও। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ম্যাচের প্রথম দিনের সব পাবলিক টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে কুইন্সল্যান্ডের ম্যাকেতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, ম্যাকেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। একই পোস্টে দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে, কারণ দ্বিতীয় টেস্টের টিকিট দ্রুত বিক্রি হচ্ছে। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পরই দুই দলের দ্বিতীয় টেস্ট নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ম্যারারা স্টেডিয়ামে চার দিনের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে এবং ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে যায়। ফলে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়, আর সেই ঐতিহাসিক সাফল্যের পর সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে। ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই পেসার। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে বড় ধাক্কা দেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং স্পিনাররাও দারুণ ভূমিকা রাখেন। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও বাংলাদেশ দেখিয়েছে দৃঢ়তা। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের গুরুত্বপূর্ণ ইনিংস এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের পর দলীয় সংগ্রহ ৪২৬-এ নিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পাঁচটি উইকেট নেন মিরাজ। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে থামিয়ে সহজ লক্ষ্য পেয়ে যায় সফরকারীরা। ডারউনের সেই ঐতিহাসিক জয়ের পর এবার ম্যাকেতে মুখোমুখি হবে দুই দল। প্রথম দিনের টিকিট আগেভাগেই শেষ হয়ে যাওয়া তাই সিরিজের উত্তেজনা কতটা বেড়েছে, তারই বড় একটি ইঙ্গিত। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স যে অস্ট্রেলিয়ার মাটিতে স্থানীয় দর্শকদেরও দ্বিতীয় টেস্টের প্রতি আরও আগ্রহী করে তুলেছে, টিকিট বিক্রির এই চিত্রে তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ম্যাকেতে আগামী শনিবার। ডারউনের পর এবার বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জয় করে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় ইতিহাস লেখার। আর সেই লড়াই দেখতে প্রথম দিনেই গ্যালারি পূর্ণ হওয়ার অপেক্ষায় ম্যাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd