1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিগগির শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সারা দেশে শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিগগিরই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই ক্যাম্পেইনের নির্ধারিত তারিখ জানানো হবে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু হবে। এটি সফল করতে কাজ করছি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে জানানো হবে, ঠিক কবে থেকে এটি শুরু হচ্ছে।”

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ২৮ জুন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আলোচনা সভায় হামের চিকিৎসা ও প্রতিরোধ নিয়েও গুরুত্বারোপ করা হয়। সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর প্রেক্ষাপটে শিশুস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অপুষ্টিজনিত জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মগবাজারের আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শুধু প্যাথলজি বিভাগ নয়, হাসপাতালটির লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে আদ্ দ্বীন ফাউন্ডেশনের অন্য কোনো শাখা পরিচালনায় বাধা নেই।

হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চরম অবহেলার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, “ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। এই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে।” তিনি আরও বলেন, এ ঘটনার জন্য হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে।

স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আলোচিত এ ঘটনার যথাযথ বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় এমন অবহেলা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd