বিশেষ প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাংবাদিক এস ডি রিপন মাহমুদ। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
সাংবাদিকতা পেশার মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এস ডি রিপন মাহমুদের। এবার তিনি সরাসরি জনপ্রতিনিধিত্বের মাধ্যমে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রার্থী হওয়ার বিষয়ে সাংবাদিক এস ডি রিপন মাহমুদ বলেন, “মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। সাংবাদিকতা করতে গিয়ে সাধারণ মানুষের নানা সমস্যা খুব কাছ থেকে দেখেছি। এখন সুযোগ পেলে জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য আরও সরাসরি কাজ করতে চাই। এজন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি বলেন, শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনই তাঁর মূল লক্ষ্য। ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নাগরিক সেবা সহজীকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিতে চান।
তিনি আরও বলেন, “আমি কোনো বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতির রাজনীতি এবং মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।”
এদিকে তাঁর প্রার্থী হিসেবে আত্মপ্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বাড়ার পাশাপাশি ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।
সাংবাদিক এস ডি রিপন মাহমুদ তাঁর নির্বাচনী পথচলায় ইউনিয়নের প্রবীণ, তরুণ, নারী, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়েই তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান।
শেষে তিনি ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।