মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও ব্যাপক করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ‘বাংলা কিউআর-এ ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল—‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর—লেনদেন হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ’। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদ অর্থের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়।
ক্যাম্পেইনে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
আয়োজকরা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা সহজেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতিশীলতা বাড়বে।
‘এক দেশ, এক কিউআর’ ধারণাকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্যাম্পেইনটির আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি, মোরেলগঞ্জ শাখা, বাগেরহাট।