এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে পৈত্রিক সূত্রে দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলীয় বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ঘেরাবেড়া ভাঙচুর ও গাছ কেটে মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) বেলা ৮টার দিকে খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের শাহিন হাওলাদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
কুমারখালী গ্রামের দিনমজুর শাহিন হাওলাদার ও তার পরিবারের লোকজন প্রতিপক্ষের দায়ের করা একটি মামলায় বাগেরহাট কোর্টে হাজিরা দিতে গেলে জনশূণ্য বাড়ির বাগানের গাছপালা কেটে দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিবেশি প্রতিপক্ষ প্রভাবশালী মো. শহিদুল ইসলামের লোকেরা।
লিখিত অভিযোগে শাহিন হাওলাদার দাবি করেন, বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছে। বিবাদীরা জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে তাদের পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। এরই জের ধরে সুপারী, কলাগাছ, নারিকেলসহ শতাধিক গাছ কেটে নিয়ে মাটি দিয়ে ধামাপাচার চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় রহিম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার বাদি হয়ে বৃহস্পতিবার মো. শহিদুল ইসলাম সহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে একই গ্রামের কাশেম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, আমি কারও জমির গাছ কাটেনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।