মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ থানা ভবন সংলগ্ন বারইখালী এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে ঘর ভাঙচুর, জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তবে এসব অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পক্ষ।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১০টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকায় আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী আফরোজা আক্তার অভিযোগ করেন, স্থানীয়ে একটি মহল জোরপূর্বক তার ঘরবাড়ি ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা আমলে নেয়নি বলেও আফরোজা বেগম দাবি করেন।
অপরদিকে আফরোজা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন প্রতিপক্ষের লোকেরা। বৃহস্পতিবার প্রেসক্লাবে লিখিত বক্তব্যে আবু হানিফ শেখ বলেন, মানববন্ধনে অংশ গ্রহনকারি আফরোজা বেগম সহ তার সাথে থাকা কারোই বিবাদমান জমিতে কোন অংশ নেই। তারা রাতের আধারে আমাদের( আবু হানিফ শেখের) জমিতে ঘর তুলে দখলের চেষ্টা করেছে। বিজ্ঞ আদালত সেখানে আমাদের পক্ষে ১৪৪ ধারা জারি করেছেন। #