মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যক্তিগত ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় এক গ্রাম পুলিশ (চৌকিদার) ও তার ছেলের অতর্কিত হামলায় শ্রীবাস হালদার নামে এক স্থানীয় দোকানদার মারাত্মক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বারইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার সঞ্জয় হালদার পূর্বশত্রুতার জের ধরে শ্রীবাস হালদারের বাড়ির সামনে গিয়ে তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। বাকবিতণ্ডার একপর্যায়ে সঞ্জয় হালদার ও তার ছেলে শাওন হালদার শ্রীবাসের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় শাওন হালদার ইট দিয়ে শ্রীবাসের মাথায় তীব্র জোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অবস্থার দ্রুত অবনতি ঘটায় প্রাথমিক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।