মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সতর্কবার্তা অনুসরণ এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।