1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

মেক্সিকো হ্যারি কেনকে ‘অস্বস্তিতে’ ফেলার ছক কষছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির আইকনিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আজ মাঠে নামবে এই দুই দল।কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর সবচেয়ে বড় মাথাব্যথা ইংলিশদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন। তাই এই তারকা স্ট্রাইকারকে মাঠে ‘অস্বস্তিতে’ রাখার বিশেষ ছক কষছেন মেক্সিকান কোচ হাভিয়ের আগুইরে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ অধিনায়ককে প্রশংসায় ভাসান মেক্সিকান কোচ। টটেনহ্যাম, বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কেনের দারুণ গোলস্কোরিং রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে ‘এল ভাস্কো’ খ্যাত আগুইরে বলেন, ‘হ্যারি কেন একজন বিশ্বমানের তারকা।

১.৮৮ মিটার লম্বা হলেও বল পায়ে সে দারুণ শান্ত থাকে। নিজের পাশাপাশি দলের রক্ষণেও সে সমানভাবে সাহায্য করে।
তাই মাঠে তাকে অস্বস্তিতে রাখতে হবে, যাতে সে কোনো সুযোগ তৈরি করতে না পারে। শেষ আটে যেতে হলে আমাদের একদম নিখুঁত একটা ম্যাচ খেলতে হবে।’ 

শুধু হ্যারি কেনই নন, ফিফা র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের সামগ্রিক শক্তি নিয়েও বেশ সতর্ক মেক্সিকো কোচ। ইংল্যান্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘ওরা বিশ্বসেরা দলগুলোর একটি। শারীরিকভাবে যেমন শক্তিশালী, কৌশলগত দিক থেকেও দারুণ। ওরা লম্বা পাসে আর শরীরনির্ভর ফুটবল খেলে প্রতিপক্ষকে চেপে ধরতে পারে। আবার সেটা কাজে না লাগলে ছোট ছোট পাসেও দারুণ খেলতে জানে।’

নিজেদের দলের আক্রমণভাগের অন্যতম ভরসা রাউল জিমেনেজকে নিয়ে বেশ আশাবাদী আগুইরে। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ও ফুলহ্যামের হয়ে টানা আট মৌসুম খেলার অভিজ্ঞতা মেক্সিকোর কাজে লাগতে পারে বলে বিশ্বাস তার। জিমেনেজের নিবেদন নিয়ে কোচ বলেন, ‘বিশ্বের সেরা লিগে এতগুলো বছর কাটানোর পরও দলের ভেতরে রাউল ভীষণ বিনয়ী। ওর মধ্যে তারকা হওয়ার কোনো অহংকার নেই, সে পুরোপুরি দলের জন্য নিবেদিতপ্রাণ।’

সমুদ্রপৃষ্ঠ থেকে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের উচ্চতা ৭ হাজার ২০০ ফুটেরও বেশি। কন্ডিশনের কারণে ইংলিশরা বেশ অস্বস্তিতে থাকলেও, ঘরের মাঠের এই ভৌগোলিক সুবিধাকে বাড়তি কিছু হিসেবে ভাবতে নারাজ ৬৭ বছর বয়সী মেক্সিকান কোচ। উচ্চতার ইস্যু একেবারে উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ‘উচ্চতার হিসাবটা আমি একপাশে রাখছি। মাঠে লড়াইটা এগারো জনের বিপক্ষেই এগারো জনের হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd