1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ভারতের বিপক্ষে রাবিন্দ্র ও চ্যাপম্যানকে পাচ্ছেনা কিউইরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাচিন রাবিন্দ্র ও মার্ক চ্যাপম্যান। চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন হওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন তারা। তাদের পরিবর্তে দলে একাধিক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চ্যাপম্যানের বাঁ-হ্যামস্ট্রিংয়ের এমআরআই পরীক্ষায় দেখা গেছে, সুস্থ হতে তার আরও দুই সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন। অন্যদিকে, রাচিনের ডান কাঁধের চোটও পুরোপুরি সেরে ওঠেনি। ফলে সাদা বলের ক্রিকেটে পূর্ণ সক্ষমতায় ফিল্ডিং করার মতো অবস্থায় এখনো নেই তিনি। এই পরিস্থিতিতে টিম সেইফার্টকে পুরো সিরিজের জন্য দলে রাখা হয়েছে। আগে শেষ দুই ওয়ানডের জন্য তাকে বিবেচনা করা হয়েছিল। প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে হেনরি নিকোলসকে। চলতি মাসেই ৩৫ বছর পূর্ণ করতে যাওয়া এই ব্যাটারকে দলে ফেরানো হয়েছে। আর শেষ দুই ম্যাচের জন্য নিউজিল্যান্ড এ দলের হয়ে ভারত এ দলের বিপক্ষে লাল বলের সিরিজে থাকা ডিন ফঙ্ক্রফটকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার দুই ক্রিকেটারকে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মার্ক ও রাচিন এই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। তাই এই সিরিজে তাদের না পাওয়াটা দুঃখজনক।’ চ্যাপম্যানের প্রসঙ্গে ওয়াল্টার বলেন, ‘গত সপ্তাহে মার্কের সঙ্গে আমার কথা হয়েছে। সে হতাশ হলেও মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে।’ রাচিনের চোট নিয়ে কোচ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে স্বচ্ছন্দে ফিল্ডিং করার মতো অবস্থায় পৌঁছাতে তার কাঁধ এখনো পুরোপুরি সেরে ওঠেনি। চলতি মাসের শেষ দিকে টেস্ট সিরিজ থাকায় আমরা কোনো ধরনের অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না।’ গত সেপ্টেম্বরে একটি প্রচারমূলক শুটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন রাচিন। একই মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান। এদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ছিটকে যাওয়া ম্যাট হেনরিও গতকাল সোমবার ওয়ানডে দলে যোগ দিয়েছেন। তবে খেলার জন্য তিনি কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করা হবে। প্রথমে শুধু শেষ দুই ওয়ানডের জন্য দলে থাকা ম্যাথিউ ফিশারকেও পুরো সিরিজের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অতিরিক্ত বোলিং বিকল্প হিসেবে তাকে রাখা হয়েছে। আগামীকাল বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল-
প্রথম তিন ওয়ানডে: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডে: মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ডিন ফঙ্ক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd