1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিএনপির গণতান্ত্রিক রূপের মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর হিসেবে খালেদা জিয়াকে উল্লেখ করেছেন দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিজের আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেও তাঁর ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

ফখরুল বলেন, দীর্ঘদিনের সংগ্রাম, কোনো বিষয়ে আপস না করা, দলকে আগলে রাখা এবং নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে খালেদা জিয়া বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। তাঁর ভাষায়, বিএনপি যে একটি সত্যিকারের গণতান্ত্রিক গণদল, এর মূল কারিগর খালেদা জিয়া।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ ও অনুপ্রেরণা দলকে সবসময় পথ দেখায়। বিএনপিকে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক দলে পরিণত করতে হবে, যা সত্যিকার অর্থে দেশ পরিচালনায় সক্ষম হবে।

দেশের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান তুলে ধরে ফখরুল বলেন, খালেদা জিয়া যে ‘ভিশন ২০৩০’ ও আদর্শের পথ দেখিয়ে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বিএনপি কাজ করবে।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনা করেন। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ড. আব্দুল মঈন খানসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার আপসহীন নীতি ও আদর্শ ভুলে গেলে চলবে না। তাঁর রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের ক্ষেত্রে খালেদা জিয়া মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে বলেই সবকিছু অর্জিত হয়ে গেছে, এমনটি ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে কাজ করতে হবে।

ড. আব্দুল মঈন খান বলেন, খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়েও কোনো বিষয়ে আপস করেননি। তাঁর রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় নেতারা বলেন, এক-এগারো ও আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া রাজনৈতিক কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি। তাঁর আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তাঁরা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd