বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর এলাকায় মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে শেখ তানজিম ইসলাম রাজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে বাগেরহাট-ফকিরহাট আন্তঃজেলা সড়কের সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিরোজপুর-ল-১১-১১২৯ নম্বরের একটি মোটরসাইকেলে করে রাজ বাগেরহাট থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে রণবিজয়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শেখ তানজিম ইসলাম রাজ ঘটনাস্থলেই নিহত হন। তিনি বাগেরহাট জেলার সুন্দরঘোনা এলাকার সুলতান শেখের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে সংঘর্ষের পর মাহেন্দ্রর চালক যানবাহনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক মাহেন্দ্রর চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।