বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে।
নাঈমের পরিবার ও স্থানীয়রা জানান , সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ফাঁকা ভবনে নাঈমকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁকে পাবনায় চিকিৎসাও করানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#