1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বন্যায় স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৭ জুলাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, ভয়াবহ বন্যা ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবারও শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ৩টি বিশেষ পরীক্ষার বিষয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা আগামী ২৭ জুলাই থেকে মূল ও নিয়মিত সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে আবার পরীক্ষা শুরু হতে পারে। তবে বন্যা ও পরিস্থিতির কারণে যেসব পরীক্ষা ইতিমধ্যে মিস হয়েছে বা স্থগিত করা হয়েছে, সেগুলোর জন্য পরবর্তীতে পৃথক নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করে আবার পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত ও বন্যার সার্বিক অবনতি, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি বোর্ডের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল। এর আগে গত ৮ জুলাই থেকেই এ বোর্ডের পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়।

৮ বোর্ডের ৩ বিষয়ের পুনর্পরীক্ষা

এদিকে গত ১৩ জুলাই তীব্র বৈরী আবহাওয়ার মধ্যেই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হতে না পারায় সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, যে সকল পরীক্ষার্থী ওই দিন অংশ নিতে পারেননি, তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হবে। তবে এজন্য শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে, যার বিস্তারিত নিয়ম শিগগির জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম বোর্ডের জন্য যে নতুন সূচি তৈরি করা হচ্ছে, সেই সূচির সাথেই এই ৩টি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd