ফকিরহাট প্রতিনিধি: গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতে বাগেরহাটের ফকিরহাটে গ্রাম পুলিশের মাঝে মোবাইল ফোন বিতরণ করেছে অলাভজনক সামাজিক সংগঠন বুলবুল ফাউন্ডেশন।
সম্প্রতি ফকিরহাটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফকিরহাট সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দফাদার ও মহল্লাদারদের হাতে এসব মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
মোবাইল ফোনপ্রাপ্তরা হলেন—২ নম্বর ওয়ার্ডের শেখ আমির আলী, ৩ নম্বর ওয়ার্ডের চাঁন শেখ, ৪ নম্বর ওয়ার্ডের মেহেদি হাসান রানা, ৫ নম্বর ওয়ার্ডের হানিফ সরদার, ৬ নম্বর ওয়ার্ডের দেলোয়ার শেখ এবং ৯ নম্বর ওয়ার্ডের মামুন শেখ।
অনুষ্ঠানে বুলবুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ তানভীর ইসলাম লিমন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুশফিকুজ্জামান রিপন, বিরেন চন্দ্র রায়, বিএনপি নেতা শেখ তৌহিদুল ইসলাম (লায়ণ), ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, মুরাদ হোসেন, মো. কালাম শেখ, পলাশ ঘোষ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা গ্রাম পুলিশ সভাপতি মো. মেহেদি হাসান রানাসহ ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের হাতে আধুনিক যোগাযোগের সুবিধা পৌঁছে দেওয়ার ফলে স্থানীয় থানা, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, দুর্যোগকালীন জরুরি বার্তা পৌঁছানো এবং নাগরিক সেবা আরও সহজতর হবে।
বক্তারা বুলবুল ফাউন্ডেশনের এমন সময়োপযোগী সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।