বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড ও সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতেও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উচ্চ পর্যায়ের এই মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরাও রয়েছেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নিশা দেশাইসহ বিজনেস কাউন্সিলের সদস্যরাও বৈঠকে অংশ নিচ্ছেন।
বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজতে বুধবার (১২ আগস্ট) ঢাকায় আসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের এই ব্যবসায়ী প্রতিনিধিদল। জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করাই তাদের সফরের অন্যতম লক্ষ্য।
এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। সেই বৈঠকেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস চেম্বার অব কমার্সের একটি গুরুত্বপূর্ণ উইং। যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও কোম্পানিগুলোর অংশগ্রহণে এবারের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফ করবেন। সেখানে বৈঠকে আলোচিত বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।