বিদেশ: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে চীনের আলিবাবা গ্রুপ। কোম্পানিটি অভিযোগ করেছে, তাদেরকে চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খামখেয়ালি ও ভিত্তিহীন। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান জোসে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় আলিবাবা পেন্টাগনের সামপ্রতিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। চলতি মাসে প্রকাশিত একটি তালিকায় পেন্টাগন আলিবাবাসহ বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানকে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে উল্লেখ করে। মামলায় আলিবাবা দাবি করেছে, এই সিদ্ধান্তের পেছনে কোনো বাস্তব তথ্য বা আইনি ভিত্তি নেই। এক বিবৃতিতে কোম্পানির মুখপাত্র বলেন, আলিবাবা কোনো সামরিক প্রতিষ্ঠান নয় এবং চীনের সামরিক-নাগরিক সমন্বয় কৌশলেরও অংশ নয়। পেন্টাগনের প্রকাশিত নতুন তালিকায় মোট ৮০টি কোম্পানি ও তাদের সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। তালিকায় আলিবাবার পাশাপাশি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকাভুক্তির ফলে আগামী মঙ্গলবার থেকে পেন্টাগন ওইসব প্রতিষ্ঠানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারবে না। পাশাপাশি এসব কোম্পানির মার্কিন যুক্তরাষ্ট্রে লবিং কার্যক্রম পরিচালনার সুযোগও সীমিত হয়ে যাবে। আলিবাবা তাদের মামলায় অভিযোগ করেছে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মতপ্রকাশ ও প্রতিনিধিত্বের অধিকারের পরিপন্থি। কোম্পানির দাবি, দীর্ঘদিন ধরে তাদের হয়ে কাজ করা কিছু লবিং প্রতিষ্ঠান এরই মধ্যে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়েছে। মামলায় আরও বলা হয়েছে, আলিবাবা একটি পাবলিক কোম্পানি এবং এর উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান, সিটিগ্রুপ ও ব্ল্যাকরক। এদিকে পেন্টাগনের এই পদক্ষেপের জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। গত সোমবার বেইজিং যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিরক্ষা ও বিরল খনিজ খাত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। সূত্র: এএফপি