বিদেশ:পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি এলাকার রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার (২০ জুন) আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় পৃথক দুটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি আফগানিস্তান সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ অঞ্চল উত্তর ওয়াজিরিস্তান-এর কাছাকাছি অবস্থিত।স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।জেলা পুলিশ প্রধান ইয়াসির আফ্রিদি জানান, রাস্তার পাশে পুতে রাখা বোমার প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তু হয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন আহত হন।পুলিশের তথ্য মতে, ঘটনাটি ঘটেছে মারকা বেরা এবং আশপাশের এলাকায়। প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ডাটসান গাড়িতে থাকা পাঁচজন নিহত হন। প্রথম বিস্ফোরণের আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে আরও দুইজন নিহত হন।পুলিশের বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাই রিমোট-কন্ট্রোলড বিস্ফোরণ এবং এগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।রেসকিউ ১১২২-এর উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ও ডোমেল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে, কারণ আরও বিস্ফোরক থাকার আশঙ্কা করা হচ্ছে।সমপ্রতি বান্নু জেলায় সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, এ অঞ্চলে সামপ্রতিক মাসগুলোতে পুলিশের ওপর হামলা, অবকাঠামোতে বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা বেড়েছে।এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চাইছে; তবে রাষ্ট্র তাদের পরাজিত করবে। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।