বিদেশ:পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি নিরাপত্তা চেকপোস্টে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন পুলিশ সদস্য। খবর আনাদোলু এজেন্সির।গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে আফগান সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের তথ্যানুযায়ী, বুধবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ করে নিরাপত্তা চেকপোস্টটি লক্ষ্য করে অতর্কিত ও তীব্র গুলিবর্ষণ শুরু করে। এতে ৯ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। পুলিশ সদস্যদের পাল্টা গুলিতে ১৫ জন হামলাকারীও নিহত হয়েছেন।পুলিশ এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সন্ত্রাসীদের দায়ী করেছে। পাকিস্তান সরকার এবং নিরাপত্তা বাহিনী এই গোষ্ঠীর সদস্যদের চিহ্নিত করতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ পরিভাষাটি ব্যবহার করে থাকে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।দীর্ঘদিন ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সরকারি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে টিটিপি। সামপ্রতিক সময়ে এই অঞ্চলগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।