পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে কর্তৃক নিজের মাকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারপিটের শিকার ওই নারীকে বাঁচাতে গেলে প্রতিবেশী যুবক সিরাজুল ইসলাম কে কুপিয়ে জখম করে মাদকাসক্ত ছেলে গোলাম রসুল। এ সময় স্থানীয় লোকজন গোলাম রসুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে গোলাম রসুলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত যুবক সিরাজুল ইসলাম (৩০) একই গ্রামের জমশেদ গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নেশার টাকার জন্য নিজের মা রিজিয়া বেগমকে অমানবিক মারধর করছিলেন গোলাম রসুল। মায়ের প্রাণ বাঁচাতে ও মারামারি থামাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান প্রতিবেশী সিরাজুল ইসলাম। এ সময় ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সিরাজুলকে কুপিয়ে গুরুতর জখম করে।
সিরাজুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার্ড করেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা একত্রিত হয়ে অভিযুক্ত গোলাম রসুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।