পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আবারো প্রকাশ্যে এসেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান ও সাবেক কমিটির দ্বিধাবিভক্তির বিষয়। বর্তমান আহবায়ক কমিটি গত কয়েক মাস উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর মধ্যে ১৫ জুলাই সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরে সাবেক কমিটি পূজা পরিষদের সভা করে। পূজা পরিষদের নামে এ ধরনের কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বর্তমান আহবায়ক কমিটি। দুই কমিটির পাল্টাপাল্টি এ কর্মসূচির মধ্য দিয়ে আবারো নতুন করে প্রকাশ্যে এসেছে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিধাবিভক্তির বিষয়টি।
নিজ স্বাক্ষরিত প্রতিবাদ লিপির মাধ্যমে বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক কৃষ্ণপদ মন্ডল জানান ২০২৫ সালের ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের সভায় ২৫ সদস্য বিশিষ্ট পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। যে কমিটিতে কৃষ্ণপদ মন্ডল কে আহবায়ক এবং হিমাদ্রি শেখর দে কে সদস্য সচিব করা হয়। কমিটি গঠনের পর থেকে ধারাবাহিক ভাবে আমরা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনি অভিযোগ করেন সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পূজা উদযাপন পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। ২০২৩ সালে তারা ব্যাংক থেকে পূজা পরিষদের টাকা উত্তোলন করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে এবং সেই টাকার সঠিক কোন হিসাব দিতে পারে নাই। এছাড়া তারা পূজা পরিষদের পদ পদবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা সহ মানুষের জায়গা জমি দখল করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে অভিযোগ করেন। তারা কেন্দ্রীয় এবং জেলা পূজা উদযাপন পরিষদকে অবমাননা করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আহবায়ক কৃষ্ণপদ মন্ডল ও সদস্য সচিব হিমাদ্রি শেখর দে। তাদের বিরুদ্ধে আনিত এ-সব অভিযোগ প্রসঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কমিটির সভাপতি সমীরণ সাধুর সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।