পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শোয়েব শাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এবং কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান প্রাণ কৃষ্ণ রায়।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।