1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সহিংসতাপ্রবণ এই অঞ্চলে সামপ্রতিক সময়ের এটি সর্বশেষ প্রাণঘাতী হামলা। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার গভীর রাতে মাঙ্গু স্থানীয় সরকারের কোমবুন জেলার বিন-পের এলাকায় হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর পর্যন্ত হামলা চলে। এ সময় হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ওপর আক্রমণ করে। মাঙ্গু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলুস দাবিত জানান, মধ্যরাতের দিকে বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন হামলাকারীরা এলাকায় প্রবেশ করে। স্থানীয় বাসিন্দা ম্যাথিউ জোসেফ বলেন, ঘুমের মধ্যে তারা আশপাশের বাড়ি থেকে মানুষের চিৎকার শুনতে পান। পরে তিনি নিজের বাড়ির দিকে সশস্ত্র ব্যক্তিদের এগিয়ে আসতে দেখে পালিয়ে যেতে সক্ষম হন। প্লাতো স্টেট হাউস অব অ্যাসেম্বলির মাঙ্গু সাউথ আসনের সদস্য ম্যাথিউ সিলভেস্টার কোয়ারপো জানান, হামলায় ৩৮টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষিজমি, মজুত করা শস্য ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ধ্বংস করা হয়েছে। তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত নিরাপত্তাকর্মী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, আশ্রয় ও চিকিৎসাসহ জরুরি সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি। প্লাতো রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং হামলার নিন্দা জানিয়েছেন। তিনি মাঙ্গুর বিন-পেরসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টহল জোরদারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাসিন্দাদের শান্ত থাকার এবং প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd