প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৪, ১১:৫৭ এ.এম
নদী, নক্ষত্রের স্বভাব
জিয়া সাঈদ
শৃঙ্গ থেকে তোমার চোখ,
আহরণ ঝোঁক
সরাতে বলি না হে আত্মজ
শুধু উৎসের ঋণ, ঋদ্ধিপর্ব
স্মরণে রাখতে বলি
সেই যে বহু বিকেল সন্ধ্যায়
গমগমে গঞ্জে ঘাটে
পয়মন্ত পলিতে দাঁড়িয়ে
তোমাকে দেখিয়েছি নদী -
শর্ত-স্বার্থহীন নিবেদন ;
শুধু সেই নদী,
বৃক্ষ ও নক্ষত্রের স্বভাব
স্মরণে রাখতে বলি....
zahidit.com