দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তথ্যগুলো মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হিসাবের ভিত্তিতে প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয়জন। তাদের মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে সন্দেহভাজন রোগীর সংখ্যাও। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।