1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

তিন মাসের ব্যবধানে একই পরিবারে আবারও টার্গেটেড হামলা/ পাইকগাছায় মৃত্যুর মুখে ৭০ বছরের বৃদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: ‎পূর্বের ডাকাতির রেশ কাটতে না কাটতেই পাইকগাছার সলুয়া গ্রামে এবার এক ৭০ বছরের বৃদ্ধার ওপর নেমে এলো বর্বরোচিত হামলা। গভীর রাতে ঘরের ভেতরে ঢুকে সুমিত্রা ঘোষ নামের ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই পরিবারে বারবার এমন লোমহর্ষক ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) যখন ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই অজ্ঞাতপরিচয় ঘাতকেরা ঘরে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়।
‎আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাঁকে দ্রুত তালা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
‎আহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করেছে। ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা সুমিত্রা ঘোষের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
‎বিভিন্ন সূত্রে জানা যায়, সলুয়া গ্রামের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারটির ওপর এটিই প্রথম আঘাত নয়। এর আগে চলতি বছরের ২৮ মার্চ রাতে এই নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত হানা দিয়েছিল। সে সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
‎পরপর এসব লোমহর্ষক ঘটনায় পুরো পরিবারটি এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এক বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের মনে এখন একটিই প্রশ্ন— সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? রাতের আঁধারে একের পর এক অপরাধ ঘটে চললেও অপরাধীরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে?
‎এলাকাবাসী ও সুশীল সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশ প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলব এবং হামলাকারী খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd