1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ডারউইনে যেন নতুন ইতিহাস লিখছে বাংলাদেশ,দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ডারউইনে যেন নতুন ইতিহাস লিখছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে হেরেছিল টাইগাররা, সেই মারারা ক্রিকেট গ্রাউন্ডেই এবার স্বাগতিকদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ।অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দারুণ প্রতিরোধ গড়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান তুলে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

বাংলাদেশের এই লিডের ভিত গড়ে দেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। প্রথম দিন শেষে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশকে এগিয়ে নিতে দুজন গড়েন ১০২ রানের দারুণ জুটি।

দলীয় ১৩৮ রানে জশ হ্যাজেলউডের বলে ৪৯ রানে মুমিনুল ফিরলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে চলে আসে।এরপর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তানজিদ।মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং করেন বাঁহাতি এই ওপেনার। শেষ পর্যন্ত নাথান লায়নের বলে আউট হওয়ার আগে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও রাখেন গুরুত্বপূর্ণ অবদান, করেন ৮৪ রান।
তানজিদ-শান্তের পর বাংলাদেশের ইনিংস এগিয়ে নেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে অস্ট্রেলিয়ার বোলাররা কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা চাপ তৈরি করলেও মিরাজ ও হাসান মাহমুদ সেই চাপ সামলে নেন। দিনের শেষ ভাগে অস্ট্রেলিয়া দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মিরাজ-হাসানের দৃঢ়তায় আর কোনো বিপদ হয়নি। দিন শেষে মেহেদী হাসান মিরাজ ৩২ এবং হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম দিনেই বাংলাদেশের পেসারদের তোপে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ক্যারিয়ারসেরা বোলিং করে হাসান মাহমুদ একাই নেন ৬ উইকেট। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দারুণ নিয়ন্ত্রণে বল করেন। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ, ৭১ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

২৩ বছর আগে এই ডারউইনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছিল বড় হতাশায়। সেই ম্যাচে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল বাংলাদেশ। এবার সেই একই মাঠে গল্পটা পুরোপুরি বদলে দিয়েছে টাইগাররা। প্রথমে বল হাতে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়া, এরপর ব্যাট হাতে ১৫৩ রানের লিড। দুই দিন শেষেও ম্যাচের চালকের আসনে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd