1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, দ্রুত উপনির্বাচনের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। এ কারণে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনে বেশি সময় নেওয়া হবে না। শনিবার তিনি বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ার পর আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন দ্রুত আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরই সংবিধানের বিধান অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd