1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোল করে আল নাসরকে ২-১ গোলে জেতানোর পাশাপাশি সৌদি প্রো লিগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ক্যারিয়ারের ৯৭৮তম গোল করা রোনালদো এখন ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২২ গোল দূরে।

শুক্রবার (২৮ আগস্ট) আল-আওয়াল পার্কে ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের পক্ষে ছিল না। ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে এগিয়ে যায় আল তাওউন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তা গোল করে আল নাসরকে সমতায় ফেরান।

বিরতির পর দ্রুতই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো। ৫০তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আল তাওউনের বক্সে ঢোকেন জোয়াও ফেলিক্স। তার কাটব্যাক থেকে বল পান মোহামেদ সিমাকান। বক্সের প্রান্ত থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শট ছয় গজ বক্সের ভেতর পা ছুঁইয়ে জালে পাঠান রোনালদো।

এই গোলেই সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ১০৪-এ। ১১০ ম্যাচে ১০৪ গোল করে তিনি ছাড়িয়ে যান মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।

রেকর্ডটি নিজের করে নেওয়ার পর উচ্ছ্বসিত রোনালদো কৃতিত্ব দিয়েছেন সতীর্থ ও সমর্থকদেরও। তিনি বলেন, ‘আমি খুব, খুব খুশি। এটি একটি দারুণ অর্জন। তবে এটি কেবল আমার একার অর্জন নয়।’

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাকে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে। কারণ তাদের ছাড়া এটি সম্ভব হতো না। আমি ভক্তদের জন্যও খুব খুশি। তারা আমাকে সব সময় সমর্থন দিয়ে যান।’

গোল করার পর অবশ্য রোনালদোর উদযাপনেও ছিল ভিন্নতা। নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন না করে তিনি বদলি খেলোয়াড়দের বেঞ্চে গিয়ে পানি পান করতে শুরু করেন। তখন সতীর্থ সাদিও মানে তাকে মনে করিয়ে দেন যে গোল করেও তিনি ‘সিউ’ উদযাপন করতে ভুলে গেছেন। মানের কথা শুনে মাঠের দিকে ছুটে গিয়ে পরে নিজের পরিচিত উদযাপনটি করেন রোনালদো।

চলতি সৌদি প্রো লিগে তিন ম্যাচে রোনালদোর গোল এখন দুটি। আল তাওউনের বিপক্ষে গোলটি তার ক্যারিয়ারের ৯৭৮তম। ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন আর ২২ গোল।

৪১ বছর বয়সেও রোনালদোর গোলের ধারাবাহিকতা থামেনি। আল নাসরও মৌসুমের শুরুটা করেছে দারুণভাবে। চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd