নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া: কক্সবাজারের মগনামা জেটিতে জোয়ার-ভাটার কারণে দীর্ঘদিন ধরে যাত্রীদের ওঠানামায় যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তা নিরসনে আধুনিক ফ্লোটিং (চলমান) সংযোগ সিঁড়ি বা গ্যাংওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পরিষদ।
জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী জানান, জোয়ার-ভাটার সময় পানির উচ্চতার পরিবর্তনের কারণে প্রতিদিন যাত্রীদের নিরাপদে জেটিতে ওঠানামা করতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে পানি কমে গেলে বা বেড়ে গেলে শিশু, নারী, প্রবীণ ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
তিনি বলেন, এই জনদুর্ভোগ কমাতে জেলা পরিষদের উদ্যোগে পানির উচ্চতা বিবেচনায় রেখে একটি আধুনিক, মজবুত ও নিরাপদ ফ্লোটিং গ্যাংওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি নির্মিত হলে বছরের সব সময় জোয়ার-ভাটার পরিবর্তন সত্ত্বেও যাত্রীরা নিরাপদ ও সহজে জেটিতে ওঠানামা করতে পারবেন।
জেলা পরিষদের প্রশাসক আরও জানান, জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, ফ্লোটিং গ্যাংওয়ে নির্মাণ হলে মগনামা জেটিতে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং নৌযাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।