1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

জুলাই, আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, হাসপাতাল প্রস্তুত রয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জুলাই ও আগস্ট মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে প্যাথলজি বিভাগে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ ও অন্যান্য যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, “জুলাই, আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ইতোমধ্যে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। একই সঙ্গে ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেসব হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, “ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে।” তার মতে, শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ যুক্ত হয়েছে। এর মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মেডিকেল কারিকুলামেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে চলছে। এছাড়া আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. জুবাইদা রহমানের সফরের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd