1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

জাপান ম্যাচকে ‘ফাইনাল’ ভাবছে ব্রাজিল: আনচেলত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নিজেদের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে ব্রাজিল। প্রতিপক্ষ জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি।বরং তিনি মনে করছেন, এই ম্যাচই ব্রাজিলের জন্য ‘ফাইনাল’।

 

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শেষ ষোলোয় জায়গার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।

গ্রুপ পর্বে দুই দলই ছিল অপরাজিত। ব্রাজিল শুরুতে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়।

অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়াকে বড় ব্যবধানে হারায় জাপান। শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে এশিয়ার প্রতিনিধিরা।
 

শুধু চলতি বিশ্বকাপ নয়, গত নয় মাস ধরেই দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর টানা ১০ ম্যাচে অপরাজিত তারা। এই সময়ের অন্যতম স্মরণীয় জয়টি এসেছে ব্রাজিলের বিপক্ষেই। দুই গোলে পিছিয়ে থেকেও সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল জাপান।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে আনচেলত্তি বলেন, ‘জাপান যে বিশ্বের সেরা দলগুলোর একটি, তা জানাটা ছিল ভালো অভিজ্ঞতা। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আমরা ম্যাচটির জন্য ফাইনালের মতোই প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটি একটি ফাইনাল।’

নকআউট পর্বের ম্যাচে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন ব্রাজিল কোচ।

তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন শক্তিশালী মানসিকতা এবং দৃঢ় থাকা। নকআউট ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে, যেমন অতিরিক্ত সময় বা টাইব্রেকার। সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই দল প্রস্তুত, উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী। কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই খুব কঠিন।’

হিউস্টনে স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্বে রাতের ম্যাচ খেললেও সময় পরিবর্তনকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না খুব বেশি কিছু পরিবর্তন করতে হবে। আমরা সবসময় দিনের এই সময়েই অনুশীলন করি। দিনশেষে এটি একটি ফুটবল ম্যাচই তো!’

এ ছাড়া তিনি যোগ করেন, ‘আমাদের মনোযোগী থাকতে হবে। আমরা খুব কঠিন ও সুসংগঠিত একটি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে যাচ্ছি এবং মাঠে আমরা কী করতে চাই, তা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে।’

বিশ্বকাপের শিরোপার দৌড়ে কোনো দলকে এখনই এগিয়ে রাখতে রাজি নন ব্রাজিলের এই কোচ।

তিনি বলেন, ‘হতে পারে গ্রুপ পর্বে কিছু দল অন্যদের চেয়ে ভালো করেছে, কিন্তু আমার মনে হয় না এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট ফেভারিট উঠে এসেছে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ টুর্নামেন্ট হবে বলে আশা করা যায়।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd