1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ছয় মাসের সর্বনিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিদেশ : টানা পতনের পর আন্তর্জাতিক বাজারে গতকাল বৃহস্পতিবার স্বর্ণের দামে বড় উত্থান লক্ষ্য করা গেছে। গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার পর বিনিয়োগকারীরা তাদের শর্ট পজিশন কাভার (মুনাফা তুলে নেওয়া শুরু) করায় মূল্যবান এই ধাতুর দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে লাগামহীন মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা স্বর্ণের দামের এই বড় লাফকে কিছুটা সীমিত করে রেখেছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৭ দশমিক শূন্য ১ ডলারে পৌঁছায়। অথচ আজকের লেনদেনের শুরুতেই স্পট গোল্ডের দাম গত বছরের ২১ নভেম্বরের পর সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে থাকা মার্কিন গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১১৮ ডলারে নেমেছে। স্বাধীন বাজার বিশ্লেষক রস নরম্যান সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, এই মুহূর্তে স্বর্ণ স্পষ্টভাবেই ওভারসোল্ড (অতিরিক্ত বিক্রি) অবস্থায় রয়েছে। তবে বাজার এখন যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তা দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার নাকি বিনিয়োগকারীদের সাময়িক মুনাফা তুলে নেওয়ার ফল—তা দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, তখন থেকেই স্বর্ণের বাজারে বড় বিপর্যয় নেমে আসে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত স্পট গোল্ডের দাম ২২ শতাংশেরও বেশি কমেছে। মূলত যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি তীব্র আকার ধারণ করেছে। সাধারণত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দীর্ঘ মেয়াদে সুদের হারকে উচ্চ স্তরে আটকে রাখে। সোনাকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও, সুদের হার উচ্চ থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে বন্ড বা ব্যাংকে টাকা রাখাকে বেশি লাভজনক মনে করেন। ফলে সুদের হার বাড়লে সাধারণত সোনার বাজারে মন্দা দেখা দেয়। গত বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, মে মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বেড়েছে। এর পেছনে মূল ভূমিকা রেখেছে লাফিয়ে বাড়া জ্বালানি খরচ। আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের অধীনে প্রথম নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে বেশিরভাগ অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন, ফেড আপাতত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে সিএমই গ্রুপের ‘ফেডওয়াচ’ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরের মধ্যে মার্কিন সুদের হার বৃদ্ধির পক্ষে ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন। কমার্সব্যাংকের বিশ্লেষক কারস্টেন ফ্রিচ বলেন, বাজার এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে ফেডারেল রিজার্ভ চলতি বছর শেষ হওয়ার আগেই সুদের হার বাড়াবে। তবে আগামী সপ্তাহের বৈঠকে যদি সুদের হার বাড়ানোর কোনো আভাস দেওয়া না হয়, তাহলে সোনার দাম আরও দ্রুত গতিতে ঘুরে দাঁড়াতে পারে। গতকাল গ্রিনিচ মান সময় সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের মে মাসের প্রডিউসার প্রাইস ইনডেঙ্ বা পাইকারি মূল্যসূচকের তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফেডের পরবর্তী আর্থিক নীতি কী হতে যাচ্ছে- তা বুঝতে বিনিয়োগকারীরা এখন সেই রিপোর্টের দিকে চোখ রাখছেন। এদিকে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৮ দশমিক ৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ শতাংশ লাফিয়ে ১ হাজার ২৪৯ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd