বিদেশ: গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবারের এ হামলাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি সূত্র। এক চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেখ আজলিন এলাকায় পথচারীদের লক্ষ্য করে ইসরায়েলি একটি ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলেও ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ ও আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। গাজা সিটি ও খান ইউনিসের উপকূলীয় এলাকাতেও ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৩৭২ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৬৫৯ জন আহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘস্থায়ী এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি