1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ক্ষুব্ধ ক্রিকেটাঙ্গন নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইল বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬

স্পোর্টস: জাতীয় দলের অফ স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। শুক্রবার (১৩ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। তার অভিযোগ, বিমানবন্দর থেকে সিএনজি অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় ডিবি পরিচয়ে কয়েকজন তাকে থামান। তিনি পরিচয় দেওয়ার চেষ্টা করলেও শুরু থেকেই বৈরী আচরণ করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরা হয় এবং পাইপ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ করেন এই ক্রিকেটার। স্থানীয় গণমাধ্যমের কাছে নাঈম বলেন, “অনেক মানুষ আমার পরিচয় দেওয়ার পরও তারা মারধর থামায়নি। আমি হয়তো পরিচিত মানুষ বলে আরও বড় বিপদ থেকে বেঁচে গেছি, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কী হতে পারে, সেটাই ভাবছি।” পরে তাকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনার পর শনিবার (১৪ জুন) বিবৃতিতে বিসিবি জানায়, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড খেলোয়াড়ের প্রতি “অগ্রহণযোগ্য ও অশোভন আচরণের”তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। বোর্ড আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বিষয়টির সমাধানে চট্টগ্রামের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, “দেশের যেকোনো নাগরিকের জন্য এমন ঘটনা অগ্রহণযোগ্য।” নাঈমের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় দলের ক্রিকেটাররাও নাঈমের পাশে দাঁড়িয়েছেন। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস সামাজিক মাধ্যমে লিখেছেন, “মাথা উঁচু রাখো, নাঈম। তুমি অসাধারণ একজন মানুষ।” মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য নাঈম হাসান শিগগিরই জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে এই ঘটনা দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd