আনন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেডিকেল সরঞ্জাম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের আরও কয়েকটি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরে অবস্থিত মেডলাইন-এর বৃহৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে আগুনের সূত্রপাত হয়। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে অবস্থিত এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান চিকিৎসা ও অস্ত্রোপচার-সংক্রান্ত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদাম। আগুন পরে সড়কের অপর পাশে অবস্থিত ফেডএঙ্-এর একটি স্থাপনায় ছড়িয়ে পড়লেও দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। সাউথ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির ফায়ার চিফ র্যান্ডাল ব্র্যাডলি এসব তথ্য জানান। ট্রেসি পুলিশ বিভাগের সার্জেন্ট মাইকেল রিচার্ডস জানান, প্রবল বাতাসে আগুনের ছাই ও জ্বলন্ত কণা ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। তাই এলাকার একটি বড় অংশ খালি করে দেয় কর্তৃপক্ষ। মেডলাইন এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে কর্মরত তাদের সব কর্মী নিরাপদে আছেন। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি। নতুন তথ্য পাওয়া গেলে আমরা তা জানাব।’ উল্লেখ্য, ল্যাটেঙ্ গ্লাভস, মাস্ক, অস্ত্রোপচারের যন্ত্রপাতি এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে থাকে মেডলাইন। কোভিড-১৯ মহামারির সময় জরুরি চিকিৎসা সামগ্রী বিতরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।