লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি রয়্যালসকে ৬৮ রানে হারিয়ে কোয়ালিফায়ারের টিকিট কেটেছে কলম্বো ক্যাপস। দ্বিতীয় কোয়ালিফায়ারে কলম্বোর মুখোমুখি হবে গল গ্যালান্টস। এর আগে প্রথম কোয়ালিফায়ারে গলকে হারিয়ে আগেই ফাইনালে চলে গেছে জাফনা কিংস। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলম্বো ক্যাপস। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় কলম্বো। ইনিংসের একমাত্র ফিফটি হাঁকান বেন ম্যাকডারমট। ৩৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ২৩ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলে টিকে থাকেন জিমি নিশাম। ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন জানিথ লিয়ানাগে। ক্যান্ডির হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি, নুয়ান থুসারা এবং জহির খান। জবাব দিতে নেমে উদারা ইগালাগামাগে এবং পাভান স্বন্দেশের ব্যাটে ভর করে ভালো শুরু পেয়েছিল ক্যান্ডি। ওপেনিং জুটিতে চলে আসে ৪৪ রান। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান পাভান। এক প্রান্ত আগলে রেখে খেলে যান উদারা। তুলে নেন দারুণ এক ফিফটিও। যদিও ফিফটির পর আর আগাতে পারেননি ওপেনার উদারা। ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলে দলের ১০৬ রানের মাথাতে থামেন তিনি। এরপর আর বেশি দূর আগাতে পারেনি ক্যান্ডি। ধুঁকতে ধুঁকতে ১৩৫ রান তুলে থেমেছে ক্যান্ডি। ৬৮ রানের সহজ জয় তুলে নিয়েছে কলম্বো। কলম্বো ক্যাপসের হয়ে ২টি করে উইকেট তোলেন শাহনাওয়াজ দাহানি, ওয়ানুজা সাহান, মুজিব উর রহমান, মালশা থারুপাঠি এবং মিলান রাথনায়েকে। আজ শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে গল গ্যালান্টস এবং কলম্বো ক্যাপস।